সর্বশেষ

Saturday, September 5, 2026

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসিরউদ্দিন পাটোয়ারী

তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার ৬ দফা দাবি না মানলে তাদের পতনে এক দফার আন্দোলন শুরু করা হবে। 

তিনি বলেন, আমরা আল্লাহর ওপর ভরসা করে, জমিনে বুকের তাজা রক্ত দিয়ে এই ৬ দফা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। বাংলার প্রতিটি আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে। আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নেন। যদি দাবি না মানেন, এই ৬ দফা এক দফাতে রূপান্তর হবে, সেটি হলো সরকারের পদত্যাগ।


শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ৬ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চে কুমিল্লার পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকে জিজ্ঞাসা করেন, আমরা এত টাকার তেল খরচ করে কেন লংমার্চে যাচ্ছি? আমরা আজকে বলব সরকারের গদি নড়ে গেছে। সরকার কি তেল পাচ্ছে? আপনারা সবাই মাঠে থাকবেন। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চাই।


তিনি বলেন, এই বৃহত্তর কুমিল্লার মানুষ আল্লাহর ওপর ভরসা করে। জীবনে কখনও মাথানত করে না। কখনও চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না। 

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রমুখ। 

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না—আছে। এসব সমস্যার সমাধান চান বলেই আমরা রাস্তায় নেমেছি।

তিনি বলেন, এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। সরকার এসব দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।


শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।


কুমিল্লাবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান এমপি বলেন, আপনারা কুমিল্লা বিভাগ চান। ১৯৯৪ সালে যখন সিলেট বিভাগ হয়, তখন একই সময়ে কুমিল্লাকে বিভাগ করার দাবিও উঠেছিল। কিন্তু ১৯৯৪ সালে কুমিল্লা বিভাগ হয়নি, সিলেট বিভাগ হয়েছে। তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী?


তিনি বলেন, আমরা সরকারকে পরিষ্কারভাবে বলেছি, কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা করবেন না। কুমিল্লা বিভাগ করুন এবং এর বাস্তবায়ন নিশ্চিত করুন। পাশের জেলা নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন, তারাও দাবিদার। তাদেরও বিভাগ দিন। তবে কুমিল্লা যেহেতু ১৯৯৪ সাল থেকে বিভাগ দাবি করে আসছে, তাই কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করুন।


ডা. শফিকুর রহমান বলেন, খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লায়—এ কারণে কি আপা কুমিল্লার প্রতি বিরাগ দেখিয়েছিলেন? কুমিল্লার নাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। কোনো জেলার নামকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা হলে তা ওই জেলা ও বিভাগের প্রতিটি নাগরিককে অপমান করার শামিল। বর্তমান সরকার বিভাগ দেওয়ার কথা বলেছে। তাহলে দিচ্ছে না কেন? কুমিল্লা বিভাগ দিন।


কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, এখানে বিমানবন্দর করার বিষয়টি সামনে এসেছে। কুমিল্লায় একটি ইপিজেডও রয়েছে। বিমানবন্দরটি যাচাই-বাছাই করে চালু করার উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন। মানুষকে প্রশাসনিক কাজে চট্টগ্রামে যেতে অনেক দূর যেতে হয়। বিভাগ হলে কুমিল্লার মানুষ এখানেই প্রয়োজনীয় প্রশাসনিক সেবা পাবে।

তিনি আরও বলেন, আপনারা কি বাংলাদেশের মানুষের মুক্তি চান? সরকার নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কি রক্ষা করছে? করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা ঠিক না রেখে এবং নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না করে একসঙ্গে অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন।


স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, যদি নিজ মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকতে চান, তাহলে অন্য সব দায়িত্ব ছেড়ে দিয়ে আগে নিজের মন্ত্রণালয়ের পরিস্থিতি ঠিক করুন। আমাদের যুব-সমাজকে রক্ষা করুন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।


কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিস আমীর আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পাটির চেয়ারম্যান মজিবুর রহমান মন্ঞ্জু, জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব,বিল্লাল হোসেন মিয়াজীসহ অন্যরা।

সূত্রঃ দৈনিক আমার দেশ।

Friday, September 4, 2026

জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

 


হাকিম বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী মহোৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জলঢাকা কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়। বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বী ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জলঢাকা সনাতনী সংঘ ও ভক্ত মিশন।

অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিভূতি ভূষণ রায়। সদস্য সচিব প্রদীপ কুমার রায়সহ কমল কান্তি রায়, সদস্য সচিব বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য, উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মঙ্গল শোভাযাত্রায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভক্তরা অংশ নেন।

Tuesday, September 1, 2026

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন

তিস্তা নিউজ ডেস্ক ঃ সাবেক বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, সেনা কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ৬৫০ জন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে দাওয়াতি সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে যোগদানকারীদের বরণ করে নেন।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামীতে যোগদানকারী ৬৫০ জনকে ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।

আরও রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ, ডা. হুমায়ন কবির, বংশাল থানার বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২নং ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩২ নম্বর ওয়ার্ড বিশিষ্ট সমাজ সেবক মোছলেহ উদ্দিন আহমেদ, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক মো. জাবেদ ওমর, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, কওমি আলেম যথাক্রমে মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী), মাওলানা হাসান জামিল প্রমুখ।



বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, বংশাল থানা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আব্দুস সবুর ফকির এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনসহ আরও অনেকে।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জলঢাকায় বিএনপির বর্ণাঢ্য আয়োজন

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জলঢাকায় বিএনপির বর্ণাঢ্য আয়োজন

মাহমুদ আল-হাছান,  তিস্তা নিউজ :  আজ ০১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর নানা চড়াই উৎরাই পেরিয়ে দলটি এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলটির উপরে দেশের ৫১% ভোটার তাদের আস্থা জ্ঞাপন করেছিলো।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি দেশব্যাপী ৫ দিন ব্যাপী কর্মসূচী ঘোষনা করেছে। কর্মসূচী অনুযায়ী জলঢাকা উপজেলা বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার আয়েজন করে। জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সভাপতিত্বে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব রশিদুল ইসলাম বাঙালী, স্বেচ্ছাসেবক দলের জলঢাকা উপজেলা সভাপতি ও জলঢাকা প্রেসক্লাবের সেক্রেটারি জনাব শাজাহান কবির লেলিন,  জলঢাকা উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর রহমান বাবু সহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

এর আগে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় বিএনপির নারী কর্মীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার

স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।


জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতিরিক্ত সচিবকে না সরালে নির্বাচন নিরপেক্ষ হবে না। ইসির প্রতি জামায়াত এখনও আস্থাশীল। নির্বাচন বর্জনের সময় এখনও আসেনি। স্থানীয় শাখাগুলোকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছি।


স্থানীয় নির্বাচনে জোটের বিষয়ে তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য জাতীয় নির্বাচনে ছিল। স্থানীয় নির্বাচনে এই ঐক্য নয়, দলগুলো আলাদা করে প্রার্থী দেবে।


মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা জানতে পেরেছি এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি সংবিধানবিরোধী। ইসি নিজেরাই এই সুপারিশ করেছে। এটি বাতিলের আবারও দাবি জানিয়েছি।


তিনি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা যাতে স্থানীয় নির্বাচনে অংশ নিতে না পারে, সেই সুপারিশ করেছি। ইসির অতিরিক্ত সচিবকে সরানোর দাবি জানিয়েছি, কারণ তিনি বিএনপিতে পদধারী। ইসি বলেছে, সরকার তাকে নিয়োগ দিয়েছে।

Monday, August 31, 2026

যেকোনো সময় স্থানীয় সরকার নির্বাচনের তপশিল: ইসি সচিব

যেকোনো সময় স্থানীয় সরকার নির্বাচনের তপশিল: ইসি সচিব

ফাইল ছবি 

তিস্তা নিউজ ডেস্ক ঃ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইসি প্রস্তুত। যে কোনো সময় তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, ভোটের তারিখ হওয়া মাত্রই সেটা জানিয়ে দেওয়া। নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে  পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৬৭ জন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরও জানান, সবশেষ হালনাগাদ ভোটার তালিকা থেকে থেকে এ পর্যন্ত ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন বেড়েছে। ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকাভুক্ত ভোটাররা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

ইসি সচিব বলেন, চলতি বছরের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে আইন সংশোধনসহ সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভোটকেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করার পর আচরণবিধি চূড়ান্ত করা হবে।


স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে বলে প্রত্যাশা ইউএনডিপির।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেস। এ সময় সিইসিসহ কমিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।


পরে স্টিফেন রড্রিগেস সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের মত স্থানীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা।


সিইসির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শুরুতেই বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সফল একটি নির্বাচন আয়োজন করার জন্য কমিশনকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশে গত যে জাতীয় নির্বাচন হয়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি বাংলাদেশের জন্য একটি নতুন ভবিষ্যতের পথ তৈরি করেছে।


ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং এই নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা করেছি। এসব ক্ষেত্রে জাতিসংঘের সংস্থাগুলো আর কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়েও কথা হয়েছে।